ছয়
নির্দিষ্ট দিনে আলেয়া চলে গেল। এর মাঝে দুই দিনে শাহাজাদার সাথে আলেয়ার আরো চারবার দেখা হয় মামার বাড়ীতে। মামা মামী ওদের ভালোবাসার কথাটা জেনে যায়। শাহেদ পাঠান আপত্তি করে না।
“ তোমরা শুধু সম্ভ্রানত্ম বংশের নও,লোকে তোমাদের ভালো লোক বলে জানে, মান্য করে। একসময় তোমাদের কথা সবার মুখে মুখে ঘুরত। তোমার দাদাকে দেখেছি, তোমার বাবাকে দেখেছি। তাদের কথা আমরা আজো সবাই মনে করি। লোকে আজকাল অবশ্য বংশ-বুনিয়াদ নিয়ে তেমন মাথা ঘামায় না, টাকা পয়সা বা অন্যকিছু নিয়ে ভাবে,কিন্তু আমি ভাবি না। তোমাদের বিত্ত বৈভব আজ হয়ত তেমনটা নেই কিন্তু তোমাদের যা আছে তা এ অঞ্চলে কার আছে? আলেয়াকে এজন্য আমি প্রশংসা করি,ঠিক কাজটাই সে করেছে। দেখতে সুন্দর সম্ভ্রানত্ম বংশের একজনকে সে পছন্দ করেছে এটা বেশ ভালো। কিন্তু তোমার বাড়ীর লোকদের মতামত বিশেষ করে তোমার মা আর বড় সৈয়দের মতামতটা নেয়া উচিত। তুমি কি বল? ” স্ত্রী ছোহেলী বেগমকে শাহেদ পাঠান প্রশ্ন করে।





